Home স্বাস্থ্য গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ

গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ

1

মিলি রহমান।।

আষাঢ়ের ঝড়বৃষ্টির মধ্যে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে মৌসুমি ফলের রঙিন সালাদ একটি চমৎকার ও স্বাস্থ্যকর বিকল্প। এ সময়ে বাজারে প্রচুর পরিমাণে পানি ও পুষ্টিসমৃদ্ধ রসালো ফল পাওয়া যায়, যা আপনার শরীরের পানিশূন্যতা দূর করে দ্রুত এনার্জি ফিরিয়ে আনে। নানা রকম রসালো ও সুস্বাদু মৌসুমি— আম, লিচু, আনারস কিংবা পেঁপে— প্রতিটি ফলই শুধু স্বাদ নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ।

একাধিক ফল একসঙ্গে মিশিয়ে তৈরি করা যায় স্বাস্থ্যকর ও সতেজ একটি ফলের সালাদ, যা আপনার শরীরকে ঠান্ডা, সতেজ ও চাঙা রাখবে। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকালের হালকা নাশতা— সব ক্ষেত্রেই এটি হতে পারে দারুণ একটি পছন্দের পানীয়। নিচে গরমে স্বস্তি পেতে একটি সহজ ও চটজলদি ফলের সালাদ তৈরির রেসিপি দেওয়া হলো—

চলুন জেনে নেওয়া যাক, মৌসুমি ফলের সালাদ————————————

উপকরণ

পাকা আম ১ কাপ (কিউব করে কাটা)। আনারস ১ কাপ (ছোট টুকরো)। পেঁপে আধাকাপ (কিউব করে কাটা)। লিচু ৮-১০টি (বিচি ফেলে অর্ধেক করা)। ডালিমের দানা এক কাপ। কলা দুটি (কিউব করে কাটা)। লেবুর রস ১ টেবিল চামচ। মধু ১ টেবিল চামচ। বিট লবণ আধা চা চামচ। পুদিনাপাতা কুচি ১ টেবিল চামচ। এবং আইসক্রিম।

প্রণালি

একটি বড় বাটিতে সব ফল একসঙ্গে নিয়ে হালকাভাবে মিক্স করুন। এরপর আলাদা একটি পাত্রে লেবুর রস, মধু ও বিট লবণ মিশিয়ে মিক্স করুন। মিক্সটি ফলের ওপর ঢেলে আলতো করে মিশিয়ে নিন। এরপর ওপরে ডালিমের দানা ও পুদিনাপাতা ছড়িয়ে দিন। পরিবেশনের আগে ১৫-২০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

সালাদে চাইলে আঙুর, জাম, মাল্টা কিংবা কিউইও যোগ করা যেতে পারে। আরও আকর্ষণীয় স্বাদের জন্য সামান্য ভাজা চিয়া সিড বা কুচি করা বাদাম ছিটিয়ে পরিবেশন করুন। সঙ্গে যোগ করুন পছন্দমতো আইসক্রিম। এই সালাদটি গরমের দিনে শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের চাহিদাও পূরণ করবে।