Home খেলাধুলা বিশ্বকাপে প্রথম ম্যাচেই বড় হার, চাকরি হারালেন তিউনিসিয়ার কোচ

বিশ্বকাপে প্রথম ম্যাচেই বড় হার, চাকরি হারালেন তিউনিসিয়ার কোচ

1

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপ দেখল প্রথম কোচ ছাঁটাইয়ের ঘটনা। ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচেই সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধান কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করেছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন।

টুর্নামেন্ট মাত্র শুরু হয়েছে, পরের রাউন্ডে যাওয়ার গাণিতিক সম্ভাবনাও এখনও টিকে আছে এমন সমীকরণের মাঝেও এক ম্যাচ পরেই তিউনিসিয়া ফেডারেশনের এই সিদ্ধান্ত ফুটবল বিশ্বকে বেশ অবাক করেছে। ফরাসি সাংবাদিক রোমেইন মোলিনার দেওয়া তথ্য অনুযায়ী, সুইডেনের কাছে বড় ব্যবধানে হারের ব্যাপক সমালোচনার জের ধরেই লামুশির সঙ্গে চুক্তি বাতিলের এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন আফ্রিকান দেশটির ফুটবল কর্তারা।

তিউনিসিয়া জাতীয় দলের ডাগআউটে লামুশির স্থায়িত্ব হলো মাত্র পাঁচ ম্যাচ! পরিসংখ্যানও অবশ্য তার পক্ষে কথা বলছিল না। এই ৫ ম্যাচের তিনটিতেই হার, একটি ড্র এবং জয় মাত্র একটিতে।

বিশ্বকাপের আগে খেলা প্রীতি ম্যাচগুলোতে অস্ট্রিয়া ও বেলজিয়ামের কাছে হার এবং কানাডার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তার দল। একমাত্র স্বস্তির জয়টি এসেছিল হাইতির বিপক্ষে (১-০)।

তবে মেক্সিকোর মনটেরেতে সুইডেনের বিপক্ষে সেই বিশাল হারই লামুশির কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। ম্যাচের শুরু থেকেই সুইডেনের সামনে আক্ষরিক অর্থেই খাবি খাচ্ছিল তিউনিসিয়া। মাত্র ৭ মিনিটেই সুইডেনকে এগিয়ে দেন মিডফিল্ডার ইয়াসিন আয়াইরি। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তারকা স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক। প্রথমার্ধের বিরতির ঠিক আগে ওমর রেকিকে একটি গোল শোধ (২-১) করলে ম্যাচে ফেরার কিছুটা স্বপ্ন দেখছিল তিউনিসিয়া।

কিন্তু দ্বিতীয়ার্ধ তাদের জন্য পরিণত হয় এক ভয়ংকর দুঃস্বপ্নে। পুরো মাঠের নিয়ন্ত্রণ নিয়ে সুইডিশরা আরও তিনবার তিউনিসিয়ার জালে বল জড়ায়। ৫-১ গোলের এই বিশাল জয় এবারের আসরের অন্যতম বড় জয় হিসেবেও রেকর্ড বুকে ঢুকে গেছে।

এই হারের পর ‘এফ’ গ্রুপের পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে নেমে গেছে তিউনিসিয়া। আর সেই পাহাড়সম চাপের প্রথম বলি হয়ে বিশ্বকাপ মঞ্চ থেকেই বিদায় নিতে হলো কোচ সাবরি লামুশিকে।