Home Lead নারীর চুল কেটে, মুখে আলকাতরা মেখে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

নারীর চুল কেটে, মুখে আলকাতরা মেখে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

58

খুলনাঞ্চল রিপোর্টার।।

শরীয়তপুরে পূর্ব শত্রুতার জেরে দুই সন্তানের মাকে মারধর ও চুল কেটে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ সময় অভিযুক্তরা তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ তুলে মুখে আলকাতরা লাগিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকার শাবনূর মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনি আক্তার (৩১) উত্তর পালং শাবনূর মার্কেট এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর পৌর এলাকার উত্তর পালং শাবনূর মার্কেট এলাকার বাসিন্দা মনি আক্তার নামের ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। সম্প্রতি মনি আক্তারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ তৈরি হয় প্রতিবেশী দেলোয়ার দপ্তরি ও তার পরিবারের। আজ শনিবার সকালে ওই নারীকে আপোষের কথা বলে বাড়িতে ডেকে নেন দেলোয়ার দপ্তরির পরিবারের সদস্যরা।

একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে মনি আক্তারকে মারধর করে চুল কেটে দেয় দেলোয়ার দপ্তরির ছেলে পলক, মেয়ে মৌসুমী, স্ত্রী আমেনা ও আত্মীয় রহিমা। মারধর ও চুল কাটা শেষে অভিযুক্তরা মনি আক্তারকে মাদক বিক্রির অভিযোগ তুলে মুখে আলকাতরা মেখে ও গলায় জুতার মালা পরিয়ে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

ভুক্তভোগী মনি আক্তার বলেন, ‘আমি মাদক বিক্রি করি না। আপনারা চাইলে আমার মোবাইল চেক করে দেখতে পারেন। যদি কোনো প্রমাণ পান, তাহলে যেই শাস্তি হবে তা আমি মেনে নেব। দেলোয়ার দপ্তরি আমার থেকে টাকা নিয়েছে, সেই প্রমাণ হিসেবে সে নিজেই ঢাকা গিয়ে আমাকে সই করে স্ট্যাম্প দিয়ে এসেছে। এখন সেই টাকার স্ট্যাম্প ফেরত নিতে সে তার পরিবারের লোকজন দিয়ে আমাকে মারধর করেছে, চুল কেটে দিয়ে মুখে আলকাতরা মেখে বেঁধে রেখেছে। আমাকে পলক হকস্টিক দিয়ে পিটিয়েছে। আমি বাঁচতে এক বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকে টেনে এনে মারধর চালায়। আমি অন্যায় করলে তারা আইনের আশ্রয় নিতো। এভাবে কেন মারল। আমি সুষ্ঠু বিচার চাই।’

তবে অভিযুক্তদের দাবি করে বলেন,মনি আক্তার মাদক বিক্রি করেন। তাছাড়া মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করে থাকেন।

দেলোয়ার দপ্তরির মেয়ে মৌসুমী আক্তার বলেন, ‘আমরা মনি আক্তারকে ছোট থেকেই কাকি বলে ডাকি। সে আমাদের পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করেছে। আজ তাকে আপোষের জন্য ডেকেছিলাম কিন্তু সে গালাগালি করায় মহিলাদের মধ্যে হাতাহাতি হয়েছে।’

তাকে কেন বেঁধে রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ও আমার বাবাকে মিথ্যা মামলা দিয়েছে তাই তাকে বেঁধে রেখেছি। সে মাদক বিক্রি করে, তাকে সার্চ করলে মাদক পাওয়া যাবে।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। ওনি সুস্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’