বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে গোয়ালঘর থেকে প্রায় ১০ লাখ ‘নকল’ ডারবি সিগারেট ও বিভিন্ন ধরনের চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে অবস্থিত ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ সংলগ্ন একটি গোয়ালঘরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বাগেরহাট জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, অভিযানে প্রায় ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট এবং সিগারেট তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার করা হয়েছে। একই সময়ে সিগারেট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ ও চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়।
গ্রীন বাংলা টোবাকোর মালিক সোমনাথ দে বলেন, গত বছরের আগস্টের পর বাগেরহাটের বাধাল এলাকায় অবস্থিত আমার কারখানা থেকে কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি ও সিগারেট তৈরির বিভিন্ন মালামাল চুরি হয়ে যায়। পুলিশের অভিযানে সেই চোরাই মালামালের কিছু অংশ উদ্ধার হয়েছে। আরো মালামাল উদ্ধারের আশা প্রকাশ করেন তিনি।
ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর বিক্রয় এজেন্ট মাসুদ করিম টিটু অভিযোগ করেন, ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর ডারবি ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি ও বাজারজাত করে আসছেন। অভিযানে উদ্ধার হওয়া সিগারেটগুলোও নকল ডারবি বলে দাবি করেন তিনি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গ্রীন বাংলা টোবাকোর মালিক সোমনাথ দের কারখানা থেকে কয়েক মাস আগে সিগারেট তৈরির মেশিনসহ বিপুল পরিমাণ মালামাল চুরি হয়।
এ ঘটনায় তিনি বাগেরহাট আদালতে মামলা করলে আদালত চোরাই মালামাল উদ্ধারের নির্দেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতে শনিবার ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ক্রাউন টোব্যাকোর মালিক বদরুল আলম ভদ্দর কিংবা প্রতিষ্ঠানের কোনো কর্মচারীকে পাওয়া যায়নি। কারখানায় তালা ঝুলিয়ে সবাই সরে যায় এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









































