ঢাকা অফিস।।
তিনজন প্রতিমন্ত্রী আকস্মিক কক্সবাজার সমুদ্রসৈকত পরিদর্শনে যান। তারা সৈকতে ঘুরতে আসা পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং সুবিধা-অসুবিধার কথা জানতে চান।
তারা হলেন- বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরিফুল আলম এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিভাগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তারা শুক্রবার (১২ জুন) বিকালে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।
সৈকতের কলাতলী থেকে শুরু করে সুগন্ধা পয়েন্ট ধরে তিন প্রতিমন্ত্রী লাবনী পয়েন্ট পর্যন্ত দীর্ঘ এলাকায় হাজার হাজার পর্যটকদের সঙ্গে পায়ে হেঁটে মতবিনিময় করেন।
বিভিন্ন স্থান থেকে আগত সব শ্রেণির পর্যটকদের নিরাপত্তা, বিচের পরিচ্ছন্নতা, টুরিস্ট পুলিশের ভূমিকা, পরিছন্নতাকর্মীদের তৎপরতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা জানতে চান তারা।
এ সময় পর্যটকরা তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন এবং বিচ ম্যানেজমেন্ট ও নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তারা প্রতিমন্ত্রীদের কাছে সৈকতের বর্তমান ব্যবস্থাপনা অব্যাহত রেখে আরও আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির আহ্বান জানান।
উত্তরে প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে কক্সবাজারকে পর্যটন হাব এবং বাংলাদেশের অন্যান্য সব পর্যটন কেন্দ্রগুলোতে অত্যাধুনিক হোটেল-মোটেল স্থপনাসহ পর্যটক বান্ধব গড়ে তোলা হবে।
পরিদর্শনকালে পর্যটন মন্ত্রণালয়ের পরিচালক, টুরিস্ট পুলিশের এসপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











































