ঢাকা অফিস।।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বড় ধরনের কারিগরি বিভ্রাটের মুখে পড়েছে। বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সমস্যার কথা জানিয়েছেন।
বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ইজডাউন’-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী অভিযোগ জমা দিয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকেল পর্যন্ত সাইটটি ফেসবুকে সক্রিয় সমস্যার উপস্থিতি শনাক্ত করেছে। ইউনিল্যাড প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এই সমস্যা বিভিন্ন দেশের ব্যবহারকারীদের ওপর প্রভাব ফেলছে বলে জানা গেছে। এর মধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি অভিযোগ আসছে।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টাইলা লিখেছে, অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানাতে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন।
এক্সে একজন ব্যবহারকারী লিখেছেন, আমি ভেবেছিলাম আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আরেকজন মন্তব্য করেন, আমি ভেবেছিলাম আমার পেইজটা হারিয়ে ফেলেছি।
তৃতীয় একজন লেখেন, আমাকে তো সরাসরি লগ আউট করে দিয়েছে, হা হা!
আরেকজন লিখেছেন, আমারটাও নিজে থেকেই লগ আউট হয়ে গেছে।
বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি মেটা। পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে। ফেসবুক ব্যবহারকারীদের আপাতত ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।











































