Home খেলাধুলা হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিরাজ, খেলা নিয়ে অনিশ্চয়তা

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিরাজ, খেলা নিয়ে অনিশ্চয়তা

2

স্পোর্টস ডেস্ক।।

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩৪তম ওভারে নাথান এলিসের একটি বাউন্সার মাথায় লাগে মিরাজের। সঙ্গে সঙ্গে কিছুটা অস্বস্তি অনুভব করেন তিনি এবং পরে বমিও করেন।

মাথায় বাউন্সার লাগার পর বমি হওয়ায় তাকে সতর্কতামূলকভাবে হাসপাতালে নেওয়া হয় এবং প্রায় ১২ ঘণ্টা এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়। একাধিক স্ক্যান ও মেডিকেল পরীক্ষা শেষে প্রথম ও দ্বিতীয় দুই দফার রিপোর্টই ভালো আসে। এরপরই চিকিৎসকদের অনুমতিতে তাকে বাসায় পাঠানো হয়।

বিসিবির ডাক্তারি পর্যবেক্ষণ শেষে মিরাজের সর্বশেষ অবস্থা নিয়ে নিশ্চিত করেছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল।

তিনি বলেন, ‘ওয়ানডে অধিনায়ক মিরাজের সর্বশেষ আপডেট হলো, তিনি বাসায় ফিরেছেন। প্রায় ১২ ঘণ্টা এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন।
আপনারা জানেন, ম্যাচে তার মাথায় বাউন্সারের আঘাত লাগে এবং এরপর তার কিছুটা বমি হয়, যা কিছুটা উদ্বেগের ছিল। তবে এরপর তিনি খেলাটা চালিয়ে যান। খেলা শেষে সঙ্গে সঙ্গেই বিসিবি ডাক্তার ও বিসিবি ফিজিওর সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে হাসপাতালে পাঠানোর। তিনি তখনও কিছুটা ভালো অনুভব করছিলেন। এভারকেয়ারে তার স্ক্যান করা হয়। প্রথম স্ক্যানের রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আসে। আজ দ্বিতীয় স্ক্যানও করা হয় এবং সেটিও ভালো আসায় তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (১১ জুন) শেষ হয়েছে দ্বিতীয় ওয়ানডে। শুক্রবার (১২ জুন) পুরো দলের বিশ্রাম। শনিবার অনুশীলনের সিডিউলও রয়েছে। ম্যাচ খেলার মতো অবস্থায় থাকবেন কিনা মিরাজ এটা এখনোই বলা যাচ্ছে না।

শনিবার (১৩ জুন) অনুশীলনের তার উপস্থিতির উপরই অনেক কিছু নির্ভর করছে। এদিকে চিকিৎসক ও ফিজিওর সঙ্গে নিয়মিত যোগাযোগে আছেন মিরাজ। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। শেষ ম্যাচ মিরাজ খেলবেন কি না, সেই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে তার রিকভারি এবং মেডিকেল ক্লিয়ারেন্সের ওপর।

মিরাজের খেলা প্রসঙ্গে কিছু না বললেও আগামীকালের অনুশীলন সেশন নিয়ে তিনি বলেন, ‘এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আগামীকাল অনুশীলনে তিনি অংশ নিতে পারবেন কি না। এ বিষয়ে ডাক্তার ও ফিজিও তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। তার ফিটনেস ও উপলব্ধতা নিয়ে আগামীকালই চূড়ান্তভাবে সিদ্ধান্ত জানানো হবে।’