বিনোদন ডেস্ক।।
দেশের প্রেক্ষাগৃহে ভালো সাড়া পাওয়ার পর এবার ‘মালিক’ নিয়ে অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে হাজির হচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। বৃহস্পতিবার (১২ জুন) তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।
জানা গেছে, ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘মালিক’-এর প্রিমিয়ার শো। আয়োজনে রয়েছে বঙ্গজ ফিল্মস। শুধু সিডনিই নয়, মেলবোর্ন ও অ্যাডিলেডেও ‘মালিক’ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যেখানেও উপস্থিত থাকবেন আরিফিন শুভ।
প্রিমিয়ারে নিজে উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করবেন আরিফিন শুভ। একই সঙ্গে প্রবাসী দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়েরও কথা রয়েছে তাঁর। বিষয়টি নিশ্চিত করে শুভ বলেন, মালিক সিনেমা আন্তর্জাতিক পরিমণ্ডলে মুক্তি পাচ্ছে। প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক হলে বসে সিনেমাটি আমিও দেখার অভিজ্ঞতা নিতে চাই। আমার বিশ্বাস সবাই বেশ আনন্দ নিয়ে সিনেমাটি উপভোগ করবেন।
দেশে মুক্তির পর থেকেই ‘মালিক’ দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির প্রদর্শনী আরও বিস্তৃত হয়েছে এবং একাধিক নতুন একক প্রেক্ষাগৃহে শো যুক্ত হয়েছে। ফলে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায়ও সিনেমাটি দেখার সুযোগ বাড়ছে।
প্রবাসী দর্শকদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, ‘হ্যালো অস্ট্রেলিয়া। আমি আপনাদের আরিফিন শুভ। আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে আমার নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকছি।’
তিনি আরও জানান, সিডনি প্রিমিয়ারে দর্শকদের সাড়া ভালো হলে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও সিনেমাটির প্রদর্শনীর পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি পরিবার ও বন্ধুদের নিয়ে হলে এসে একসঙ্গে ‘মালিক’ দেখার আহ্বান জানান তিনি।










































