Home আঞ্চলিক যশোরে স্ত্রীর খুনি সুজনকে আদালতে ডিম নিক্ষেপ

যশোরে স্ত্রীর খুনি সুজনকে আদালতে ডিম নিক্ষেপ

4

যশোর অফিস।।

যশোরে পারিবারিক কলহের জেরে গৃহবধূ ছামিনা ওরফে সাম্মি হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সুজনের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। হাসপাতালে চিকিৎসা শেষে অভিযুক্ত সুজনকে আদালতে হাজির করা হলে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার একটি অংশ অভিযুক্ত সুজনকে লক্ষ্য করে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে নিহত ছামিনা আক্তারের বাবা-মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ’

জড়ো হওয়া লোকজন এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং অভিযুক্ত সুজনের ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে দ্রুত বিচার আইনের আওতায় মামলাটি নিষ্পত্তির আহ্বান জানান তারা।

স্থানীয় বাসিন্দারাও মানববন্ধনে অংশ নিয়ে বলেন, একজন নারীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। তাই অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই তানিম হোসেন জানান, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত সুজন নিজে আত্মহত্যার চেষ্টা করে আহত হন।

তাকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত সোমবার ভোরে যশোর শহরের শেখহাটি তমালতলা এলাকার একটি ভাড়া বাসায় নেশার টাকার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সুজন ধারালো ছুরি দিয়ে স্ত্রী ছামিনা আক্তারকে সাম্মিকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাম্মিকে মৃত ঘোষণা করেন।

একই সময় ছুরিকাঘাতে আহত সাম্মির স্বামী সুজনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।