স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও টেকসই জীবিকা নিশ্চিতকরণে কাজ করবে বেসরকারি সংস্থা লিডার্স। ক্লাইমেট এডাপটেশন অব হাই-রিক্স কোস্টাল কমিউনিটিস থ্র ইমপাওয়ার (কেয়ার) শীর্ষক প্রকল্পে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে প্রত্যক্ষভাবে ২ হাজার ১৬০টি পরিবারের ৪ হাজার ৭৬৯ জন উপকার ভোগ করবে।
সোমবার (৮ জুন) বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ব্রেড ফর দ্যা ওয়াল্ড এতে সহযোগিতা দিচ্ছে।
লিডার্সের প্রজেক্ট অফিসার ইভানা আফরিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মো. আবু বকর সিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসার নিগার সুলতানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুনা আক্তার সুমা, সুরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন, জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের আহবায়ক কৌশিক দে, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির। প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া, মনিটরিং অফিসার জয়দেব কুমার জোয়াদ্দার।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নিরাপদ পানির সংকট এবং জীবিকাগত অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে আরও সক্ষম ও সংগঠিত করে গড়ে তোলার বিকল্প নেই। ঈঅজঊ প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করা হবে।
বাস্তবায়িতব্য এ প্রকল্পের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু-সহনশীল কৃষি সম্প্রসারণ, নিরাপদ পানির প্রাপ্যতা উন্নয়ন, নারী ও যুবদের নেতৃত্ব বিকাশ, স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন এবং জলবায়ু ন্যায়বিচারভিত্তিক অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সমাজকর্মী, কৃষক, জেলে এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।










































