স্টাফ রিপোর্টার:
খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ যৌথ অভিযান চালিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। কেএমপি কমিশনারের সার্বিক নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় মহানগরীর উত্তর ও দক্ষিণ বিভাগ এবং গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে শীর্ষ সন্ত্রাসী বিল্লাল (২৫) ও তাওহিদুল ইসলাম তুষার (৩২) এবং একাধিক মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে মোট ৫৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
কেএমপির মিডিয়া উইং জানায়, গত ৭ জুন সন্ধ্যা ৬টা হতে ৮ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ মোট ৫৫ জনকে গ্রেফতার করে।
থানাভিত্তিক গ্রেফতারের পরিসংখ্যান: খুলনা থানা: ১৮ জন, সোনাডাঙ্গা মডেল থানা: ১১ জন, লবণচরা থানা: ০৮ জন, খানজাহান আলী থানা: ০৫ জন, খালিশপুর থানা: ০৪ জন, দৌলতপুর থানা: ০৪ জন, হরিণটানা থানা: ০১ জন, আড়ংঘাটা থানা: ০১ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি): ০৩ জন। এর আগে ৮ জুন সকাল ১০টা পর্যন্ত আরেকটি আংশিক অভিযানে ২২ জনকে গ্রেফতারের তথ্য জানানো হয়, যা পরবর্তী ২৪ ঘণ্টার মূল অভিযানে যুক্ত হয়ে মোট ৫৫ জনে দাঁড়ায়।
কেএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীনের রয়েছে। মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে কেএমপির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।









































