স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপ ধরে রাখার মিশনে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে প্রস্তুতি ক্যাম্প করেছে আর্জেন্টিনা। ইংল্যান্ডও ক্যাম্প করেছে একই শহরে। সেই কানসাস সিটিতে গত শনিবার ভোরে গোলাগুলির ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনায় ৯ জন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক ও দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় ভোর চারটার দিকে হামলার খবর পায় পুলিশ। কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউয়ে হামলার এ ঘটনায় আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তবে কেউ গুরুতর আহত হননি।
বিশ্বকাপের আগ মুহূর্তে এমন গোলাগুলির ঘটনায় শহর জুড়েই নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে পুলিশ। তবে কানসাস পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়নি।
যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেখান থেকে মোটে সাত কিলোমিটার দূরে প্রস্তুতি ক্যাম্প করেছে ইংল্যান্ড। একই শহরে ঘাঁটি গেড়েছেন মেসিরাও। এছাড়া আলজেরিয়া ও নেদারল্যান্ডস কানসাসেই ক্যাম্প করার কথা। স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে কানসাস কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপে দলগুলোর জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।









































