ঢাকা অফিস।।
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক স্মারকে জানানো হয়।
সেখানে বলা হয়, গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে অচিরেই গণপূর্ত অধিদপ্তর এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর/প্রতিষ্ঠানের প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করবেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট পরিদর্শন দলকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্মারকে।
এর আগে গত ৩ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় পরিচালিত হচ্ছে। এগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হবে। যেসব উপজেলায় এরইমধ্যে ১০০ শয্যার হাসপাতাল রয়েছে, সেখানে প্রয়োজন অনুযায়ী নতুন ভবন নির্মাণ করা হবে।”
হাসপাতালগুলোতে অতিরিক্ত শয্যার পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা করা হবে তথ্য দিয়ে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
“দেশের পাঁচটি বিভাগীয় শহরে ২০০ শয্যার শিশু বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে এসব হাসপাতাল চালুর পরিকল্পনা রয়েছে। সেখানে প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।”










































