Home আলোচিত সংবাদ ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশ

ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশ

3

স্পোর্টস ডেস্ক।।


নিগার সুলতানা জ্যোতির টানা দ্বিতীয় ফিফটি ও সোবহানা মোস্তারির কার্যকর ইনিংসে লড়াইয়ের পুঁজি পেল দল। পরে দারুণ বোলিং উপহার দিলেন রিতু মনি। স্কটল্যান্ডকে হারিয়ে ত্রিদেশিয় নারী টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশ।


এডিনবরোয় মঙ্গলবার সিরিজের চতুর্থ ম্যাচে ১৫২ রানের পুঁজি গড়ে ৩৪ রানে জিতেছে সফরকারীরা। ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নিগার সুলতানা জ্যোতি।

নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল বাংলাদেশ। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে তারা। পরে নেদারল্যান্ডসের বিপক্ষে পায় ৮ রানে হারের তেতো স্বাদ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর হাল ধরেন নিগার সুলতানা। এসময় তিনি পাশে পান সোবহানা ও স্বর্ণা আক্তারকে। সোবহানা ৩১ বলে ৩৯ এবং স্বর্ণা ২৩ বলে ২০ রান করেন। ৬ উইকেটে ১৫২ রান তোলে বাংলাদেশ।

জবাবে ৩৬ রানে ৩ উইকেট হারালেও সারাহ ব্রায়েসের ব্যাটে ঘুঁরে দাঁড়ায় স্কটল্যান্ড। ১১ ওভার শেষে তাদের রান ছিল ৩ উইকেটে ৭৪। বাংলাদেশের দারুণ বোলিংয়ে এরপর দ্রুত উইকেট হারায় স্কটিশরা।

৪১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন সারাহ। তাদের ইনিংসে বিশোর্ধো রান আর কেবল অধিনায়ক ক্যাথরিন ব্রায়েসের।

২ ওভারে ১২ রানে ৪ উইকেটে নিয়ে বাংলাদেশের সেরা বোলার রিতু। ২টি করে শিকার ধরেন মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা।

একই মাঠে আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।


সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫২/৬ (দিলারা ১৫, জুয়াইরিয়া ০, তাজ ৪, নিগার ৫৮, সোবহানা ৩৯, স্বর্ণা ২০, রিতু ৭*; ফন্টেলা ২-০-২৯-০, ক্যাথরিন ৪-০-২৬-২, গর্ডন ৪-০-১৮-১, প্রিয়ানাজ ৩-০-২৫-০, ফ্রেজার ২-০-২০-১, মাকসুদ ২-০-১১-০, মেসেইরা ৩-০-২৩-২)

স্কটল্যান্ড: ১৯ ওভারে ১১৮ (কার্টার ১, ফ্রেজার ০, ক্যাথরিন ২১, সারাহ ৪০, লিস্টার ১৬, ম্যাককোল ৭, প্রিয়ানাজ ১৮, গর্ডন ৫, মাকসুদ ১, ফন্টেলা ৩, মেসেইরা ২*; মারুফা ৩-০-১৩-২, মেঘলা ৪-০-২৩-২, তৃষ্ণা ৪-০-৩০-০, রাবেয়া ৪-০-২৬-১, রিতু ২-০-১২-৪, সোবহানা ২-০-১৪-১)

ফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: নিগার সুলতানা