Home খেলাধুলা আইপিএল-বিপিএলের যুগে চাপে আন্তর্জাতিক ক্রিকেট, সমাধানে নতুন কমিটি

আইপিএল-বিপিএলের যুগে চাপে আন্তর্জাতিক ক্রিকেট, সমাধানে নতুন কমিটি

0

স্পোর্টস ডেস্ক।

ক্রিকেটে দিন দিন বাড়ছে টি-টোয়েন্টি লিগের দাপট। প্রতি বছর শুরু হচ্ছে নতুন নতুন লিগ। আইপিএলের মতো লিগে দলের সংখ্যা বাড়িয়ে আরো বড় প্রতিযোগিতা আয়োজনের ভাবনা চলছে বিভিন্ন দেশে। আর এ সবের ফলে সমস্যায় পড়েছে আইসিসি।

দ্বিপাক্ষিক সিরিজ বা বিশ্বকাপের মতো প্রতিযোগিতা কখন আয়োজন করা হবে, সেই সময় খুঁজতে হয়রান বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
প্রতিনিয়ত বিভিন্ন লিগ থেকে অনুরোধ পাচ্ছে আইসিসি।

লিগের সময় আরো বাড়ানোর অনুরোধ করা হচ্ছে। তাতে আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডার তৈরিতে সমস্যা হচ্ছে জয় শাহের নেতৃত্বাধীন বোর্ডের। এখন আইপিএল বাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তানে পিএসএল, দক্ষিণ আফ্রিকায় এসএ-২০, আবু ধাবিতে ইন্টারন্যাশনাল টি-২০, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ, শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডে দ্য হান্ড্রেড, ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলে। চলতি বছরের শেষে ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা।

এত লিগের চাপে সমস্যায় আন্তর্জাতিক ক্রিকেট। আইসিসি একটি বিবৃতিতে বলেছে, ‘প্রতিনিয়ত বিশ্ব জুড়ে লিগ যে ভাবে বেড়ে চলেছে তাতে চিন্তায় আইসিসি। এই পরিস্থিতির সমাধানে একটি কমিটি তৈরি করা হয়েছে। তারা খতিয়ে দেখবে কী ভাবে একই ক্যালেন্ডারে লিগ ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটকেও সমান জায়গা দেওয়া যায়।’

শুধু সময় দেখলেই হবে না, কোন লিগে কোন তারকারা খেলছেন সে দিকেও নজর রাখতে হবে আইসিসিকে।

ভারতীয় ক্রিকেটারেরা আইপিএলের বাদে কোন লিগ খেলেন না। কিন্তু বিদেশি ক্রিকেটারেরা বিভিন্ন লিগে খেলে বেড়ান। ফলে দেশের হয়ে তাদের পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

লিগ ক্রিকেটে টাকা বেশি। তাই ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ডের মতো দেশের অনেক ক্রিকেটার দেশের হয়ে খেলার বদলে লিগ ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নিকোলাস পুরান, হাইনরিখ ক্লাসেনের মতো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তাতে সমস্যা আরো বাড়ছে। এই সমস্যার সমাধান সহজ নয়। তা আইসিসিও জানে। সেই কারণে কমিটি গড়ে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছে তারা।