Home বিনোদন ঈদে দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা

ঈদে দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা

1


বিনোদন ডেস্ক।।

ঈদুল আজহা সামনে রেখে আবারও সরগরম হয়ে উঠছে ঢাকার চলচ্চিত্র অঙ্গন। এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহগুলোতে একযোগে মুক্তি পাচ্ছে ৯টি নতুন সিনেমা। প্রদর্শকরা আশা করছেন, বৈচিত্র্যময় এই আয়োজন দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করবে এবং প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতিও বাড়াবে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য বলছে, মুক্তির তালিকায় রয়েছে ‘রকস্টার’, ‘মাসুদ রানা’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’। দেশের প্রায় ১৫০টি প্রেক্ষাগৃহে এসব সিনেমা প্রদর্শনের প্রস্তুতি চলছে।

তবে একসঙ্গে এত সংখ্যক সিনেমা মুক্তি নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল মনে করেন, একই সময়ে বহু সিনেমা মুক্তি পেলে ভবিষ্যতে প্রযোজকদের জন্য প্রতিযোগিতা ও আর্থিক ঝুঁকি তৈরি হতে পারে।

মুক্তিপ্রত্যাশী ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ইতোমধ্যে সিনেমাটির গান, প্রচারণামূলক ভিডিও ও অন্যান্য প্রচারসামগ্রী প্রকাশ পেয়েছে। সেন্সর অনুমোদন পাওয়া ছবিটি প্রায় ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে দর্শকদের কৌতূহলের কেন্দ্রে রয়েছে ‘মাসুদ রানা’। সৈকত নাসির পরিচালিত এই গুপ্তচরধর্মী চলচ্চিত্রটি নির্মাণ করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। এতে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরী ও সৈয়দা তিথি অমনি। মুক্তির আগেই সিনেমাটির গান ও ট্রেলার দর্শকদের সামনে এসেছে।

‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন এবার নিয়ে আসছেন ‘রইদ’। নতুন এই ছবিতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান এবং গাজী রাকায়েতসহ আরও অনেকে।

ঈদের আলোচিত আরেক সিনেমা ‘মালিক’-এ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত এই ছবির প্রচারণাও ইতোমধ্যে শুরু হয়েছে।

সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’ পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সিনেমাটিতে দেখা যাবে নাবিলা ও খায়রুল বাসারকে।

এ ছাড়া ‘পিনিক’, ‘তছনছ’ এবং বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’ও রয়েছে ঈদের মুক্তির দৌড়ে। এসব ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী, আদর আজাদ, মুন্না খান, ববি হক, ডি এ তায়েব ও মাহিয়া মাহিসহ আরও অনেক শিল্পী। নানা ঘরানার সিনেমার সমাহারে এবারের ঈদে প্রেক্ষাগৃহে জমজমাট প্রতিযোগিতার আভাস দেখা যাচ্ছে।