ঢাকা অফিস।।
রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণ আনতে গিয়ে পানির সংকটে পড়েছে ফায়ার সার্ভিস। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
সোমবার (২৫ মে) রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাত ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

এর আগে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে সাহায্যের জন্য একে একে আরও ইউনিট যুক্ত হয়।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।











































