স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গল্লামারী কাদের খান রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আছিয়া (৭০) নামে এক বৃদ্ধা গুলিবিদ্ধ হয়েছেন। আহত আছিয়া বেগম ওই এলাকার ২৩ কাদের খান রোডস্থ মৃত ইদ্রিস শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাত পৌনে ৮টার দিবে গেটের বাইরে থেকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এক ব্যক্তিকে ধাওয়া দিলে তিনি প্রাণ বাঁচাতে আব্দুল সাত্তারের বাসায় প্রবেশ করেন। এ সময় পিছু নেওয়া সন্ত্রাসীরা ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘরের ভেতরে অবস্থানরত আছিয়া বেগমের দুই হাতের আঙ্গুলে লাগে।
পরে স্থানীয় লোকজন আহত আছিয়া বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে সার্জারি-১ বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনায় কারা জড়িত এবং কে বা কারা গুলি করেছে সে বিষয়ে আহত নারী কিছুই জানেন না বলে জানা গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।









































