স্টাফ রিপোর্টার।।
প্রাণ-আরএফএল গ্রুপের প্রায় ১৯ লাখ টাকার শুকনা মরিচ আত্মসাতের অভিযোগে খুলনার তিন ব্যক্তির বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে স্থানীয় জামায়াতের এক নেতার নামও রয়েছে বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. মেহেদী হাসান, যিনি প্রাণ-আরএফএল গ্রুপের সিপিডি অ্যান্ড লিগ্যাসি ডিপার্টমেন্টে কর্মরত, সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত মো. আজিজুল ফকির দীর্ঘদিন ধরে আরএফএল কোম্পানিতে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। গত ২০ মে ভোমরা স্থলবন্দর থেকে কোম্পানির একটি কাভার্ডভ্যানে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ১২২ বস্তা শুকনা মরিচ লোড করে নরসিংদীর মুক্তারপুর ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দেন।
কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পরিবর্তে তিনি সহযোগীদের নিয়ে পথে বিভিন্ন স্থানে থেমে কাভার্ডভ্যানে থাকা শুকনা মরিচ বিক্রি করে দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে খুলনার জিরো পয়েন্ট এলাকার একটি ফিলিং স্টেশনের কাছে কাভার্ডভ্যানটি পরিত্যক্ত অবস্থায় রেখে পালিয়ে যান তারা।
মামলায় আজিজুল ফকির ছাড়াও আশিক ও আকিজ নামের আরও দুইজনকে আসামি করা হয়েছে। এদের বাড়ি খুলনার খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত ড্রাইভারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র বলছে, অভিযুক্তদের মধ্যে একজন স্থানীয়ভাবে জামায়াত রাজনীতির সঙ্গে জড়িত বলে পরিচিত।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। সাতক্ষীরা থানা অফিসার ইনচার্জ জানিয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











































