ঢাকা অফিস।।
দীর্ঘ আড়াই মাস পর সাংগঠনিক পদ ফিরে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তার ওপর থাকা দলীয় অব্যাহতি আদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সংসদ।
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চলতি বছরের ৪ মার্চ শেখ তানভীর বারী হামিমকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল।
তারও আগে, গত ২৭ ফেব্রুয়ারি তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় হামিম দাবি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করার উদ্যোগ নেয়ার কারণেই মূলত তাকে দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছিল।
অবশেষে আড়াই মাস পর কেন্দ্রীয় সংসদের হস্তক্ষেপে নিজের পদ ফিরে পেলেন এই ছাত্রনেতা। স্বপদে ফিরে পেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে হামিম লেখেন, ‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম ফয়সালাকারী..THANKS TO CENTRAL JCD’










































