স্পোর্টস ডেস্ক।।
ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে দুটি আলাদা ম্যাচে জয় পেয়েছে আবাহনী ও মোহামেডান। আবাহনীর হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন জাকের আলী অনিক। অন্যদিকে, সাদা-কালো শিবিরের হয়ে ১৭ বলে ফিফটির দেখা পেয়েছেন তাওহিদ হৃদয়।
বুধবার (২০ মে) বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে জাকের আলীর সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪১ রানের বিশাল সংগ্রহ পায় আবাহনী।
১০৩ বলে ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জাকের। ১০ চারের সঙ্গে ৯টি ছক্কা হাঁকান তিনি। আবাহনীর পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান আসে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে।
৩৪২ রান তাড়া করতে নেমে প্রাইম ব্যাংক ৪৫.৩ ওভারে ২৩৫ রানে অলআউট হয়। ১০৫ রানে ম্যাচ জিতে আবাহনী। প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন শামীম হোসেন। ষষ্ঠ ম্যাচের আবাহনী এটি চতুর্থ জয়।
অন্যদিকে, মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা অগ্রণী ব্যাংককে মাত্র ১৩৩ রানে আটকে দেয় মোহামেডান। মোহাম্মদ সাইফউদ্দিন ও মুশফিক হাসান নেন ৪টি করে উইকেট। মাত্র ১ উইকেট হারিয়ে ১১.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় সাদা-কালো শিবির।
মাত্র ১৭ বলে ফিফটির দেখা পান তাওহিদ হৃদয়, যা দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম। সর্বশেষ আসরে আবাহনীর হয়ে শাইনপুকুরের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেছিলেন পারভেজ হোসেন। ২৪ বলে ৭১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হৃদয়। ১০টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তিনি।










































