Home আঞ্চলিক খুলনা বিভাগে কোভিড রোগী ২৩ হাজার ছাড়াল

খুলনা বিভাগে কোভিড রোগী ২৩ হাজার ছাড়াল

9

স্টাফ রিপোর্টার//

খুলনা বিভাগে শনাক্তের ২৩১তম দিনে কোভিড রোগীর সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জন শনাক্তের মধ্য দিয়ে এখন বিভাগে করোনা রোগীর সংখ্যা ২৩ হাজার ২৯। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, খুলনা বিভাগে নতুন করে ২৯ জন সুস্থ হওয়ায় সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৮০৭। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার প্রায় ৯৫ শতাংশ।

বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম কোভিড রোগী শনাক্ত হয় গত ১৯ মার্চ। ৩ জুলাই ১০৭তম দিনে এসে বিভাগে রোগীর সংখ্যা পাঁচ হাজার অতিক্রম করে। ২৩ জুলাই ১২৭তম দিনে রোগী ১০ হাজার এবং ১২ আগস্ট ১২৭তম দিনে রোগী ১৫ হাজার ছাড়ায়। ৫ অক্টোবর ২০১তম দিনে শনাক্তের সংখ্যা ২২ হাজার ছাড়ায়। বুধবার ২৩১তম দিনে শনাক্তের সংখ্যা ২৩ হাজার ছাড়াল। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র আরও জানায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় একজন কোভিড রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৪০৮। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় ১০৩ জন, কুষ্টিয়ায় ৮০, যশোরে ৪৮, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ৩৬ জন করে , সাতক্ষীরায় ৩১ জন , বাগেরহাটে ২৬, মাগুরায় ১৩, মেহেরপুরে ১৫, নড়াইলে ২০ জন রয়েছেন। বিভাগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।  স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ৬ হাজার ৬৭৭ রোগী শুধু খুলনা জেলায় শনাক্ত হয়েছেন। এ ছাড়া বাগেরহাটে ১ হাজার ১৩ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ৫২১, যশোরে ৪ হাজার ১১৯, ঝিনাইদহে ২ হাজার ৮৬, কুষ্টিয়ায় ৩ হাজার ৪৪৯, মাগুরায় ৯৪৯, মেহেরপুরে ৬৭০, নড়াইলে ১ হাজার ৪৩০ ও সাতক্ষীরায় ১ হাজার ১১৫ জনের করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

:একদিনে তিন জনের মৃত্যু:

খুলনায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। নগরীর নুরনগরে করোনা ডেডিকেটেড (ডায়াবেটিক) হাসপাতালে বুধবার আলাদা আলাদা সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় করেনা আক্রান্ত হয়ে মৃত্যুও সংখ্যা দাঁড়ালো ১০৫-এ। এদিকে গত দুই দিনে খুলনায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, নগরীর দৌলতপুর থানাধীন মানিকতলা এলাকার বাসিন্দা হামেদ আলীর পুত্র দাউদ ফরাজী করোনা আক্রান্ত হয়ে গত ২৫ অক্টোবর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টায় তার মৃত্যু হয়। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সাহেদা বেগম (৬৫) কে মঙ্গলবার গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে করোনা পরীক্ষায় পজেটিভ আসে। এরপর মঙ্গলবার বিকেলেই নুরনগরে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা দেড়টায় তার মৃত্যু হয়।

যশোর জেলার অভয়নগর এলাকার বাসিন্দা আব্দুল মান্নান এর স্ত্রী রেহেনা (৫০) গত ২৮ অক্টোবর থেকে করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। তাদের প্রত্যেকের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর মেশিনে গত দুই দিনে নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। খুমেকের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ জানান, ৩ নভেম্বর ২৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে খুলনার নমুনা ছিল ১১৬টি।

মোট পজেটিভ ১৬টি এর মধ্যে খুলনার পজেটিভ ৮টি। খুলনার বাইরে যশোরে ৪টি মাগুরায় ১ ঝিনাইদহে ১ ও সাতক্ষীরায় ১ জনের করোনা শনাক্ত হয়। আর ২ নভেম্বর ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ১০৪টি। মোট পজেটিভ ১৫টি এর মধ্যে খুলনার পজেটিভ ৭টি। খুলনার বাইরে যশোরে ২টি মাগুরায় ১ ও সাতক্ষীরায় ৫ জনের করোনা শনাক্ত হয়।