বিনোদন ডেস্ক।।
এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় তারকাদের ফ্যাশন নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। সেই তালিকায় নিজের অনন্য স্টাইল ও গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে আবারও আলোচনায় এলেন অদিতি রাও হায়দারি।
একটি আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কানের বিখ্যাত ক্রোয়াজেট রেড কার্পেটে হাজির হন অদিতি। আর সেখানে তার ব্যতিক্রমী সাজ মুহূর্তেই কাড়ে সবার নজর। এর আগেও কান উৎসবে একাধিক স্টাইলিশ লুকে দেখা গেছে তাকে। তবে এবার তার সাজে ছিল আধুনিকতা ও ফিউচারিস্টিক ফ্যাশনের মিশেল।
রেড কার্পেটে ওঠার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফটোশুটের কিছু ছবি শেয়ার করেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘এখন পুরো মনটাই কান-এ ডুবে রয়েছে!’

পরে রেড কার্পেটের ছবিও পোস্ট করেন তিনি। মজার ছলে ক্যাপশনে লেখেন, ‘সবকিছু সহজ রাখার চেষ্টা করছিলাম… কিন্তু নিয়ন রং নিজের মতোই নজর কাড়ল।’
অদিতির এবারের লুকের স্টাইলিং করেছেন তার দীর্ঘদিনের স্টাইলিস্ট সানাম রতানসি।
অভিনেত্রীর জন্য বেছে নেওয়া হয় আন্তর্জাতিক ফ্যাশন লেবেল টনি ওয়ার্ডের একটি স্ট্র্যাপলেস কালো গাউন। পোশাকটির ফিটেড ডিজাইন রেড কার্পেটের ক্লাসিক আভিজাত্য ফুটিয়ে তোলে। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে গাউনের নিয়ন সবুজ ওভারস্কার্ট ও লম্বা ট্রেন।
কালো ও উজ্জ্বল সবুজের এই বৈপরীত্য পুরো সাজে এনে দেয় আলাদা মাত্রা। একই সঙ্গে এতে ছিল আধুনিক ও কিছুটা ভবিষ্যৎধর্মী ফ্যাশনের ছাপ।
ফলে রেড কার্পেটে সহজেই আলাদা হয়ে ওঠেন অদিতি।
অ্যাকসেসরিতেও ছিল পরিমিত কিন্তু দৃষ্টিনন্দন আয়োজন। একটি নামী জুয়েলারি ব্র্যান্ডের গয়না পরেছিলেন অভিনেত্রী। বিশেষ করে তার গলার স্টেটমেন্ট নেকলেস পুরো লুককে আরো আকর্ষণীয় করে তোলে। ভারতীয় গয়নার সূক্ষ্ম কারুকাজ ও আন্তর্জাতিক ফ্যাশনের মিশ্রণ এই সাজে স্পষ্টভাবে ধরা পড়ে।
পায়ের জন্য অদিতি বেছে নিয়েছিলেন আলেকজান্দ্রে বারমানের স্ট্রাকচার্ড হিল। গাউনের লম্বা ট্রেন সামলে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটতে দেখা যায় তাকে। তার সেই উপস্থিতিও নজর এড়ায়নি কারো।

মেকআপ ও হেয়ারস্টাইলেও ছিল আভিজাত্যের ছোঁয়া। হেয়ার স্টাইলিস্ট স্টেফান লঁসিয়ে এবং মেকআপ আর্টিস্ট হ্যারল্ড জেমস তৈরি করেন তার এই বিশেষ লুক। অদিতির মেকআপে ছিল সেমি-ম্যাট বেস, হালকা চোখের সাজ এবং নিখুঁতভাবে সাজানো ভ্রু। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তার গাঢ় রেড-ব্রিক লিপস্টিক।
চুল রাখা হয়েছিল নরম ওয়েভি স্টাইলে, যাতে গাউনের নেকলাইন ও গয়নার সৌন্দর্য আরো ফুটে ওঠে। পুরো সাজেই ছিল এক ধরনের সিনেম্যাটিক আভিজাত্য।
রেড কার্পেটে অদিতির ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনুরাগীদের অনেকেই তার এই উপস্থিতিকে এবারের কানের অন্যতম সেরা লুক বলে প্রশংসা করেছেন।











































