Home খেলাধুলা ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ ২০২৬-এর লোগো উন্মোচন

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ ২০২৬-এর লোগো উন্মোচন

3

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ। সেই ঐতিহাসিক আসরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো অফিসিয়াল লোগো উন্মোচনের মধ্য দিয়ে।

শনিবার (১৬ মে) রাজধানীতে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন রংপুর রাইডার্সের পরিচালক ও সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহানের পুত্র শেহজাদ আকবর সোবহান।

আগামী ১৪ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের এবারের আসর।

প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আসরে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অনুষ্ঠানে শেহজাদ আকবর সোবহান আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের অফিসিয়াল লোগো উন্মোচন করেন। ব্লাইন্ড ক্রিকেটের উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অংশগ্রহণে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভূমিকার বিষয়টিও অনুষ্ঠানে বিশেষভাবে উঠে আসে।

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। পাওয়ারড বাই পার্টনার হিসেবে যুক্ত রয়েছে বসুন্ধরা খাতা। রাজধানীর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া, কর্পোরেট ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের আন্তর্জাতিক পরিচালক এবং ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ডিরেক্টর মঈন ইকবাল।

তিনি জানান, ২০১৮ সাল থেকেই বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে আন্তর্জাতিক সূচি ও কোভিড-১৯ মহামারির কারণে তা পিছিয়ে যায়।

মঈন ইকবাল বলেন, ‘আমরা গর্বিত যে অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে বাংলাদেশে। এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি অন্তর্ভুক্তি, দৃঢ়তা এবং দৃষ্টিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের সম্ভাবনার উদযাপন।’

তিনি আরও জানান, সাফওয়ান সোবহান এবং সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সহায়তায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল আন্তর্জাতিক বিভিন্ন আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৮ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০১৯ সালে নিউজিল্যান্ড সফর এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে বাংলাদেশ রানার-আপ হয়।

লোগো উন্মোচনের পর শেহজাদ আকবর সোবহান তার অনুভূতি জানিয়ে বলেন, ‘খেলাধুলা মানুষের জীবন বদলে দিতে পারে এবং সমাজকে একত্রিত করতে পারে। ব্লাইন্ড ক্রিকেটের প্রতি আমাদের সমর্থন প্রতিভাবান ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরি করার অঙ্গীকারেরই প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা সাফওয়ান সোবহান ২০১৮ সাল থেকেই সামাজিক অন্তর্ভুক্তি এবং মানুষের স্বপ্ন পূরণের সুযোগ তৈরিতে কাজ করে যাচ্ছেন। এই ঐতিহাসিক টুর্নামেন্টে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।’