Home খেলাধুলা আইপিএলে ১৮ বছরে যা হয়নি তা-ই দেখা গেল এবার

আইপিএলে ১৮ বছরে যা হয়নি তা-ই দেখা গেল এবার

2

স্পোর্টস ডেস্ক।।

আইপিএলের ১৯ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন এক মৌসুম দেখা গেল, যেখানে ১০টি ফ্র্যাঞ্চাইজিই অন্তত একজন করে সেঞ্চুরিয়ান পেয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রায়পুরে নিজের নবম আইপিএল সেঞ্চুরি করে এই অনন্য রেকর্ড পূর্ণ করেন বিরাট কোহলি।

রেকর্ড ভাঙা-গড়ার আইপিএল ২০২৬ এখন তাই ইতিহাসের অংশ।
কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী থেকে শুরু করে অভিজ্ঞ বিরাট কোহলি কিংবা কুইন্টন ডি ককের মতো তারকার শতকে রঙিন হয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।

চেন্নাই সুপার কিংসের হয়ে মৌসুমের প্রথম সেঞ্চুরি করেন সঞ্জু স্যামসন। চেপকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেন তিনি।

পরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও করেন আরেকটি সেঞ্চুরি। মুম্বাই ইন্ডিয়ান্স টেবিলের নিচের দিকে থাকলেও পেয়েছে তিনজন সেঞ্চুরিয়ান। কুইন্টন ডি কক পাঞ্জাব কিংসের বিপক্ষে করেন অপরাজিত ১১২, তিলক ভার্মা গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪৫ বলে সেঞ্চুরি হাঁকান। আর রায়ান রিকেলটন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪৪ বলে শতক করে মুম্বাইয়ের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কেকেআরের বিপক্ষে ৬০ বলে ১০৫ রান করে দলকে জেতান বিরাট কোহলি। এটি ছিল আইপিএলে তার নবম সেঞ্চুরি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ডিসির বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ১০০ করেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আরসিবির বিপক্ষে মাত্র ৪৯ বলে শতক হাঁকিয়ে ইতিহাস গড়েন মিচেল মার্শ। শেষ পর্যন্ত ৫৬ বলে করেন ১১১ রান।

পাঞ্জাব কিংসের হয়ে সানরাইজার্সের বিপক্ষে ৫৯ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তরুণ অস্ট্রেলিয়ান কুপার কনোলি। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিদেশি হিসেবে সেঞ্চুরির কীর্তিও গড়েন তিনি।

রাজস্থান রয়্যালসের কিশোর সেনসেশন বৈভব সূর্যবংশী সানরাইজার্সের বিপক্ষে মাত্র ৩৭ বলে ১০৩ রান করেন, যেখানে ছিল ১২টি ছক্কা।

দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৫২ রান করেন কেএল রাহুল। এটি ছিল মৌসুমের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। একই সঙ্গে আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ স্কোরের রেকর্ডও গড়েন তিনি।

গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন আরসিবির বিপক্ষে ৫৭ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন। আর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৬৮ বলে অপরাজিত ১৩৫ রান করেন অভিষেক শর্মা। এটি ছিল তার দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি।