স্পোর্টস ডেস্ক।।
আইপিএলে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর সমালোচনার মুখে ছিলেন বিরাট কোহলি। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ওপেনার।
রায়পুরে বুধবার (১৩ মে) রাতে খেলেছেন অপরাজিত ১০৫ রানের ঝকঝকে ইনিংস। ৬০ বলে সাজানো তার ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছক্কা। কোহলির ব্যাটে ভর করেই ১৯২ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় বেঙ্গালুরু।
এটি আইপিএলে কোহলির নবম সেঞ্চুরি। একই সঙ্গে কলকাতার বিপক্ষে এটি তার দ্বিতীয় শতক। এর আগে সর্বশেষ ২০২৪ সালে কেকেআরের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন কোহলি। দ্রুততম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন ভারতীয় তারকা।
টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় কোহলির আগে ছিলেন অ্যালেক্স হেলস, কাইরন পোলার্ড, ডেভিড ওয়ার্নার, জস বাটলার ও ক্রিস গেইল।
এই সেঞ্চুরির পর আইপিএলের অরেঞ্জ ক্যাপের লড়াইয়েও আবার শীর্ষ পাঁচে উঠে এসেছেন কোহলি। চলতি মৌসুমে তার রান এখন ৪৮৪।










































