মোংলা প্রতিনিধি।।
মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে ট্রলার চালক মোঃ হোসেন মোড়ল (৪০) নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিক পৌর শহরের লেবার ঘাট সংলগ্ন মোংলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ট্রলার চালক হোসেন খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকার মৃত মোঃ ইউনুস মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, হোসেন প্রতিদিনই চালনা থেকে বিভিন্ন হ্যাচারীর পোনা নিয়ে মোংলায় আসতেন। বৃহস্পতিবারও ‘রেডি স্টার হ্যাচারী’র পোনা নিয়ে মোংলায় ঘাটে আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে তলিয়ে যান। খবর পেয়ে প্রথমে স্থানীয় ডুবরি দল উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। তবে দুপুর পর্যন্ত নিখোঁজ হোসেন মোড়লকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট লিডার মোঃ দেলোয়ার হোসেন বলেন, নিখোঁজ হওয়ার খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করি। হোসেন মোড়ল উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।








































