Home আঞ্চলিক মানুষ আর কাকের অদ্ভুত বন্ধন

মানুষ আর কাকের অদ্ভুত বন্ধন

16

বাগেরহাট প্রতিনিধি।।

এক বছর আগে কালবৈশাখী ঝড়ে বাসা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছিল একটি কাকের ছানা| অসহায় সেই ছানাটিকে উদ্ধার করে নিজের সন্তানের মতো লালন-পালন শুরু করেন বাগেরহাট শহরের লঞ্চঘাট এলাকার দর্জি রুনু দেবনাথ| এখন সেই কাকই সবার কাছে পরিচিত ‘টুটু’ নামে|
বাগেরহাট শহরের লঞ্চঘাট এলাকায় ছোট্ট একটি দর্জির দোকান রয়েছে রুনু দেবনাথের|

তিনি বলেন, ঝড়ে আহত অবস্থায় পড়ে থাকা কাকের ছানাটিকে উদ্ধার করে চিকিৎসা ও যত্ন করে সুস্থ করে তোলেন তিনি| সুস্থ হওয়ার পরও কাকটি তাকে ছেড়ে কোথাও যায়নি| ধীরে ধীরে টুটু হয়ে ওঠে তার নিত্যসঙ্গী| দিনভর দোকানে রুনুর সঙ্গেই সময় কাটায় টুটু| কখনও তার কাঁধে বসে থাকে, কখনও দোকানের ভেতর উড়ে বেড়ায়, আবার কখনো খুনসুটিতে মাতিয়ে রাখে আশপাশের সবাইকে| রুনু দোকান থেকে কোথাও বের হলে টুটুও তার পিছু নেয়|

টুটুর ভালোবাসা আর দুষ্টুমিতে প্রতিদিন প্রাণবন্ত হয়ে ওঠে লঞ্চঘাট এলাকার পরিবেশ| আশপাশের দোকানদাররাও কাকটিকে আপন করে নিয়েছেন| মানুষ ও একটি কাকের এমন স্নেহময় সম্পর্ক দেখতে প্রতিদিনই ভিড় করেন অনেকে| কেউ ছবি তোলেন, কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখেন টুটু আর রুনুর মায়ার বন্ধন|

মানুষ আর প্রাণীর সম্পর্ক যে শুধু খাবার বা আশ্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ভালোবাসা আর মমতাও যে গড়ে তুলতে পারে গভীর বন্ধন— তার অনন্য উদাহরণ হয়ে উঠেছেন বাগেরহাটের রুনু দেবনাথ ও তার প্রিয় কাক টুটু| পাশের দুলাল পরামানিক সেলুনের মালিক বলেন, প্রথমে ভেবেছিলাম সুস্থ হলেই কাকটা উড়ে চলে যাবে| কিন্তু এখন দেখি রুনু দাদার সঙ্গে ওর সম্পর্কটা মা-সন্তানের মতো| কেউ রুনু দাদাকে বকা দিলেও টুটু রেগে যায়| আবার আমাদের সঙ্গে মজাও করে| ছোট বাচ্চাদের খুব পছন্দ করে|

এক পথচারী সাগর হোসেন বলেন, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না| মানুষ আর একটা কাকের মধ্যে এত মায়া-মমতা সত্যিই অবাক করার মতো| নিজের চোখে দেখেছি, কেউ মারতে গেলে টুটু রক্ষা করতে এগিয়ে আসে| মানুষের ভালোবাসা পেলে প্রাণীরাও যে আপন হয়ে ওঠে, এটি তার প্রমাণ|
রুনু দেবনাথ বলেন, প্রথমে ভাবিনি ও বাঁচবে| খুব অসহায় অবস্থায় ছিল| নিজের সন্তানের মতো করে যত্ন করেছি বলেই হয়তো আজও আমার সঙ্গ ছাড়েনি|

এখন ওকে ছাড়া আমার এক মুহূর্তও ভালো লাগে না| আমি ডাক দিলেই উড়ে এসে কাঁধে বসে পড়ে| কেউ যদি আমাকে মারার ভানও করে, সঙ্গে সঙ্গে তেড়ে যায়| যেন আমাকে পাহারা দেয়| তিনি আরও বলেন, আমার দুই সন্তান আছে— একটি ছেলে ও একটি মেয়ে| কিন্তু টুটুকেও আমি আমার সন্তানের মতোই মনে করি|

২২ বছর ধরে এই দর্জির কাজ করে সংসার চালাই| দিনের বেশিরভাগ সময় দোকানেই কাটে| টুটু আমার সঙ্গী হয়ে আছে সবসময়| মাঝে মাঝে কোথা থেকে ছোট ছোট ফুল এনে আমাকে সাজিয়ে দেয়| তখন মনে হয় ও যেন ভালোবাসা প্রকাশ করছে| এখন টুটু আমার সবকিছু|