স্টাফ রিপোর্টার।।
খুলনায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে দুগ্ধ উৎপাদনকারী খামারিদের জন্য “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক” প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) নগরীর জিরোপয়েন্ট এলাকার রূপকথা রেস্টুরেন্টে আয়োজিত এ প্রশিক্ষণে খুলনা অঞ্চলের বিভিন্ন এলাকার খামারিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাহার এগ্রো ফিড লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ডা. মো. শামউন রেজা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক এআই’র এআইএসপি মো. তারিকুল ইসলাম ও পার্থ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক এআই, খুলনার এরিয়া সেলস ম্যানেজার ডা. মো. আবু বকর সিদ্দিক।
প্রশিক্ষণে খামারিদের বিজ্ঞানসম্মত উপায়ে গাভী পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও লাভজনক খামার পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত প্রজনন ব্যবস্থাপনা অনুসরণ করলে দুধ উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খামারিরা আর্থিকভাবে আরও লাভবান হতে পারবেন।
অনুষ্ঠান শেষে খামারিদের অংশগ্রহণে আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী তিনজনকে পুরস্কার প্রদান করা হয়।
এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন পেয়ে অংশগ্রহণকারী খামারিরা সন্তোষ প্রকাশ করেন এবং ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।











































