স্পোর্টস ডেস্ক।।
নতুন সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ২০২৬-২৭ মৌসুমের জন্য প্রস্তাবিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে নারাজ বেশিরভাগ ক্রিকেটার।
চুক্তির অর্থ না বাড়ানো হলে তারা দেশের লিগ ছেড়ে বিদেশের লিগে খেলতে যাবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অসি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পাঁচজন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার বেঁকে বসেছেন। তাদের মতে, আধুনিক ক্রিকেটের প্রয়োজন অনুসারে যে অর্থ তাদের পাওয়া উচিত, সেটা পাচ্ছেন না।
অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স এবং ট্রাভিস হেড বোর্ডের থেকে মোটা অঙ্কের অর্থ পান। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তারা দায়বদ্ধ।
তবে বাকি চুক্তিবদ্ধ ক্রিকেটাররা নারাজ। তাদের দাবি, হয় অর্থ বাড়াতে হবে, না হলে সুযোগ করে দিতে হবে বিদেশের লিগে খেলতে যাওয়ার।
ক্রিকেটাররা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) এবং বিদেশের বাকি টি-টোয়েন্টি লিগগুলোর বেতনের মধ্যে বৈষম্য রয়েছে। দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত বা ইংল্যান্ডের লিগগুলোতে অখ্যাত ক্রিকেটাররাও প্রচুর অর্থ পান।










































