যশোর অফিস।।
অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় যশোরের অভয়নগরে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহযোগী (হেলপার) গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১০ মে) দুপুরে উপজেলার মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সেসের কয়লা ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ার হোসেন (৩৩) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হান (২৯) একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রায়হান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৭৮৩৬) নিয়ে আকিজ রিসোর্সেসের কয়লা ডিপোর সামনে পৌঁছান। সেখানে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী একটি ট্রেন ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকের ভেতর থেকে চালক মনোয়ার ছিটকে রেললাইনের ওপর আছড়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় হেলপার রায়হানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার ফলে ওই রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
স্থানীয় মোটর শ্রমিকনেতা ও ট্রাকচালক নূর শেখ বলেন, ‘আকিজ রিসোর্সেসের ডিপো থেকে কয়লা লোড করতে হলে রেললাইন পার হতে হয়। কিন্তু ক্রসিংটি সম্পূর্ণ অরক্ষিত হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।’
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ (রবিবার) দুপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যশোরগামী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একটি খালি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়েছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।











































