Home আঞ্চলিক ডাকাতির চার ঘণ্টার মধ্যে ট্রাক-মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

ডাকাতির চার ঘণ্টার মধ্যে ট্রাক-মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

7


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি।।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সংঘবদ্ধ ডাকাত দল লুট করে নিয়ে যাওয়া অ্যালুমিনিয়ামবোঝাই একটি ট্রাক ও মালামাল ঘটনার চার ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ মে) ভোররাতে উপজেলার মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের মূল্য প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার মো. জয়নাল আবেদিন (৩৮) এবং নলধা গ্রামের মো. জুয়েল শিকদার (৩২)।


পুলিশ ও মামলার বাদী সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার মনিরুল ইসলাম, কামরুল শেখ ও শামিম হাসান অংশীদারত্বের ভিত্তিতে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে পরিত্যক্ত অ্যালুমিনিয়াম ক্রয় করেন। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এসব মালামাল বিআরটিসির ভাড়ায় চালিত একটি ট্রাকে করে চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়।

পথে রামপাল জিরো পয়েন্ট ও সোনাতুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজন ট্রাকটির গতিরোধ করে মালামাল যাচাই-বাছাই করেন। সেখানে অবৈধ কোনো মালামাল না পাওয়ায় ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

পরে রাত প্রায় ১টার দিকে ট্রাকটি পুনরায় গন্তব্যের উদ্দেশে রওনা দিয়ে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ট্রাকটির গতিরোধ করে। এ সময় ট্রাকচালক ও সঙ্গে থাকা লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ট্রাকসহ মালামাল ছিনিয়ে নিয়ে যায় তারা।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা-পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত সাড়ে ৪টার দিকে মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ট্রাক ও মালামাল উদ্ধার করে। একই সময়ে ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়।

এ ঘটনায় রামপালের গৌরম্ভা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৬ জনকে আসামি করে ফকিরহাট মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ট্রাক ও মালামাল উদ্ধার করেছে। জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।