নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি হার্ডওয়্যার ও তিনটি আসবাবপত্রের দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানিরা।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়, লাহুড়িয়া বাজারে বকুল শেখের সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়্যারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে পাশের ফারুক বিশ্বাসের একতা ফার্নিচারসহ আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের মসজিদের মাইক থেকে আগুন লাগার বিষয়টি প্রচার করা হলে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লোহাগড়া উপজেলাস্থ ফায়ার সার্ভিসের সদস্যরা। তাঁদের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহাগউজ্জামান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার ব্রিগেডের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। যার ফলে আশপাশের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে।









































