ঢাকা অফিস।।
জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৭ জুন। ওই দিন বেলা ৩টায় সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম সম্পন্ন হবে। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ৭ জুন বেলা ৩টা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। এই আদেশ জারির পর সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।
সংসদ সচিবালয়ের উপসচিব শওকত আকবর স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়কে এ সংক্রান্ত গেজেট প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ বাংলাদেশ টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও অন্যান্য সংবাদমাধ্যমে এ বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেটের ওপর আলোচনার জন্য সংসদ অধিবেশন বসে, যা বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। আসন্ন অধিবেশনে বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন হিসেবে নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে এবং এর ওপর সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনায় অংশ নেবেন।










































