পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মামা-ভাগ্নে কর্তৃক সরকারি রাস্তার পাশে প্রায় অর্ধলক্ষ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কর্তনকৃত গাছ স্থানীয় ইউপি সদস্যের কাছে সংরক্ষণ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, সোমবার সকালে উপজেলার মেলেকপুরাইকাটি গ্রামের মৃত হরিপদ সাধুর ছেলে মদন সাধু ও তার ভাগ্নে বনবিভাগের কর্মকারী চম্পক সাধু প্রায় অর্ধলক্ষ টাকার ৩টি মেহগনী গাছ কর্তন করতে থাকলে এলাকাবাসী বাধা দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে, তিনি সহকারী কমিশনার (ভূমি) মাধ্যমে গাছকাটা বন্ধ করে দেন। এ সময় কর্তনকৃত যাবতীয় গাছের অংশ স্থানীয় ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটনের হেফাজতে সংরক্ষণ করা হয়েছে। এ ব্যাপারে বন বিভাগ, খুলনা রেঞ্জ পশ্চিম সুন্দরবন বোর্ডম্যান চম্পক সাধু জানান, তাদের লাগানো গাছ তারা কাটছে। ইতোপূর্বে বনবিভাগের অনুমোদন নেয়া আছে। মদন সাধু জানায়, আমার জমির পাশে সরকারি রাস্তার উপর এ গাছগুলি আমি লাগিয়েছি। উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছ কর্তন বন্ধ করা হয়েছে। ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী ও গদাইপুর ইউপি চেয়ারম্যান প্রশিক্ষণে বাইরে থাকার কারণে এই মুহুর্তে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তারা আসলেই ব্যবস্থা নেয়া হবে।











































