Home আঞ্চলিক শীতের দেশের আঙুর রাকিবের মাচায়

শীতের দেশের আঙুর রাকিবের মাচায়

8


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি।।

১০ কাঠা জমিতে বাগান। মাচার নিচে ঝুলছে রসে ভরা টসটসে আঙুর। থোকায় থোকায় ঝুলে থাকা লোভনীয় সেই আঙুর দেখতে বাগানে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড়।ঝিনাইদহের কালীগঞ্জে বাণিজ্যিকভাবে এমন আঙুরের চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন কলেজছাত্র রাকিব হাসান।

বাইকুনুর জাতের মিষ্টি আঙুরের চাষ করে সফল হয়েছেন তিনি। বাইকুনুর রাশিয়ার উন্নত জাতের একটি উচ্চ ফলনশীল আঙুর। দেশের মাটিতে বিদেশি আঙুরের চারা রোপণের প্রথম বছরের মাথায় তিনি লাভ পেয়েছিলেন এক লাখ টাকা। চলতি বছর সেই বাগান থেকে তিন লাখ টাকার আঙুর ফল বিক্রি করেছেন।

রাকিব জেলার কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি কোটচাঁদপুর সরকারি কলেজের অনার্স (ইতিহাস) প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে কালীগঞ্জের গোমরাইল গ্রামে মামার বাড়িতে থেকে লেখাপড়া করেন তিনি। পাশাপাশি ২০২৪ সালে মে মাসে ১০ কাঠা জমিতে বাইকুনুর ও ব্লাক ম্যাজিক জাতের আঙুরের চারা রোপণ করেন।

রাকিব জানান, ৪৬ হাজার টাকা দিয়ে ১২০ পিস আঙুরের চারা কেনেন। এরপর ১০ কাঠা জমিতে নেট দিয়ে ক্ষেত ঘেরা, মাচা তৈরি, সেচ, সার-কীটনাশক ও পরিচর্যা বাবদ তার আরো ৬০ হাজার টাকা খরচ হয়। অর্থাৎ ১০ শতক জমিতে তিনি মোট এক লাখ টাকা ব্যয় করেন। চারা রোপণের এক বছরের মাথায় ২০২৫ সালের মে মাসে তিনি দুই লাখ টাকার আঙুর বিক্রি করেন। এতে খরচ বাদে তার এক লাখ টাকা লাভ থাকে।

এদিকে চলতি বছর সেচ, সার ও পরিচর্যা বাবদ রাকিবের ১৫ হাজার টাকা খরচ ছাড়া তেমন কোনো খরচ হয়নি। এ বছর তিনি সেই বাগান থেকে তিন লাখ টাকার আঙুর বিক্রি করেছেন। বাগানে এখনও অনেক আঙুর ঝুলে আছে। স্থানীয় বাজারে তার উৎপাদিত আঙুর প্রতিকেজি ৩০০ টাকা থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রাকিব আরো জানান, একটি আঙুর গাছ থেকে ২০ থেকে ৩০ কেজি করে ফল পাওয়া যায়। গাছ যত বড় হবে, ফল তত বেশি হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আঙুরের বাগান ভাইরাল হওয়ার কারণে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে আঙুর বাগান দেখতে। উৎসুক মানুষ বাগান থেকে আঙুর কিনেও নিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি দুই লাখ টাকার চারা বিক্রির অর্ডারও চেয়েছেন।

রাকিব বলেন, ’বাইকুনুর ও ব্ল্যাক ম্যাজিক জাতের আঙুর মিষ্টি ও সুস্বাদু। এ আঙুরে কোনো বিচি নেই। তিনি বলেন, কিছু কিছু আঙুরের মধ্যে বীজ আছে। সেগুলো ওষুধের মাধ্যমে সিডলেস করা যায়।’

নতুন উদ্যোক্তাদের উদ্দেশে রাকিব বলেন, আঙুর চাষ যথেষ্ট লাভজনক। আধুনিক পদ্ধতি ও চাষাবাদ বুঝে আঙুর চাষ করলে অল্প খরচে বেশি লাভ করা যায়।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবুব আলম রনি বলেন, ’কয়েক বছর ধরে উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌর শহরের মধ্যে বেশ কিছু চাষি আঙুর চাষ করছেন। আমরা তাদের উৎসাহ ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।’