Home আঞ্চলিক কুয়েট ক্যাম্পাসে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট ক্যাম্পাসে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন

6

।।খবর বিজ্ঞপ্তি।।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও আশপাশ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ক্যাম্পাসের সম্ভাব্য স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।

জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের খুলনা সফরকালে তাঁর সঙ্গে কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সৌজন্য সাক্ষাতে ক্যাম্পাস ও আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপাচার্য ক্যাম্পাসে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এর প্রেক্ষিতে আইজিপি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে কেএমপি কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

তারই অংশ হিসেবে সোমবার কেএমপি কমিশনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। প্রাথমিকভাবে একটি টিনশেড ঘরকে অস্থায়ী পুলিশ ক্যাম্প হিসেবে নির্বাচন করা হয়েছে। আপাতত সেখান থেকেই পুলিশি কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে স্থায়ী ভবন নির্মাণ সম্পন্ন হলে ক্যাম্পটি সেখানে স্থানান্তর করা হবে।

পরিদর্শনকালে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ এবং ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় উপস্থিত ছিলেন।