Home আন্তর্জাতিক ইরানের নতুন প্রস্তাবপারমাণবিক আলোচনা পরে, আগে হরমুজ খুলতে হবে

ইরানের নতুন প্রস্তাবপারমাণবিক আলোচনা পরে, আগে হরমুজ খুলতে হবে

2

আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের কাছে নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছে ইরান। তারা বলছে-পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী ধাপে করা যাবে। আগে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার করতে হবে।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে জানান, এই প্রস্তাবের মাধ্যমে তেহরান একটি নতুন আলোচনার কাঠামো তৈরি করতে চায়, যেখানে প্রথমে যুদ্ধবিরতি ও আস্থা পুনর্গঠন এবং পরে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

ওই কর্মকর্তা বলেন, ‘এই কাঠামোর অধীনে পারমাণবিক বিষয়ে জটিল আলোচনা শেষ ধাপে রাখা হয়েছে, যাতে একটি অনুকূল পরিবেশ তৈরি করা যায়।’

প্রস্তাবে বলা হয়েছে, যদি যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আর কোনো হামলা চালাবে না- এমন নিশ্চয়তা থাকতে হবে। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তার অবরোধ তুলে নেবে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি ইরানের প্রস্তাবকে গ্রহণযোগ্য মনে করছেন না বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিকে ঘিরে এই কূটনৈতিক প্রস্তাব মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মোড় তৈরি করতে পারে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা, সামরিক সংঘাত ও বাণিজ্যিক চাপের মধ্যে এই প্রস্তাব সামনে এলো, যা আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল ও গুরুত্বপূর্ণ করে তুলেছে।