Home আঞ্চলিক খুলনায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত

খুলনায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত

2

খবর বিজ্ঞপ্তি।।

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ৮টা ৩০ মিনিটে জেলা প্রশাসন, খুলনা; শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে বর্ণাঢ্য র‍্যালি, বেলুন ও ফেস্টুন উড্ডয়ন অনুষ্ঠিত হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন অ্যান্ড ফিন্যান্স, অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার)।

সভায় বক্তারা বলেন, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা শ্রমিকের মৌলিক অধিকার। ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিক আন্দোলনের আত্মত্যাগের মধ্য দিয়েই আজকের শ্রম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই শ্রমিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, শুধু মজুরি প্রদান করলেই দায়িত্ব শেষ হয় না; কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা; খুলনার সিভিল সার্জন ডা. মোছা. ফাহফুজা খাতুনসহ জনপ্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, শিল্প মালিক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং শ্রমজীবী মানুষ।

দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের অধিকার, স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।