স্পোর্টস ডেস্ক।।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য মনোনীত একজন গুরুত্বপূর্ণ ম্যাচ অফিসিয়ালকে (রেফারি) যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাজ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই গুরুতর ঘটনার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তাকে বিশ্বকাপের তালিকা থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে এই ম্যাচ অফিসিয়ালকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশ। তিনি একটি ইউরোপীয় প্রতিযোগিতার ম্যাচে দায়িত্ব পালন করতে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বয়স ৩০-এর কোঠায় বলে জানা গেছে, তবে আইনি কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি। মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে ফিফা জানায়, তারা এই গুরুতর অভিযোগের বিষয়ে অবগত রয়েছে।
সংস্থাটি স্পষ্ট করে বলেছে, ‘তদন্ত চলাকালীন এই ম্যাচ অফিসিয়ালকে ফিফার কোনো প্রতিযোগিতায় বিবেচনার সুযোগ নেই।’ অন্যদিকে, ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফাও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
উয়েফা জানিয়েছে যে, তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং সক্রিয় তদন্তাধীন এই ঘটনার কারণে ওই ব্যক্তিকে তাদের কোনো ম্যাচে আর নিয়োগ দেওয়া হবে না।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ১০৪ ম্যাচের বিশ্বকাপের জন্য চলতি মাসেই ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছিল ফিফা। গ্রেপ্তারকৃত ব্যক্তি এই সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন।
বর্তমানে অভিযুক্ত ওই ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হলেও তদন্ত অব্যাহত রয়েছে।











































