বিনোদন ডেস্ক।।
পেছন থেকে জুম করে অভিনেতা-অভিনেত্রীদের ছবি তোলা। ফটোগ্রাফারদের এই স্বভাব একেবারেই ভালো ভাবে নেয় না অনেকেই।
এবার বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি ফটোগ্রাফারদের পেছন থেকে জুম করে ছবি না তোলার জন্য সতর্ক করেছেন।
এই মুহূর্তে কারিশমাকে বিচারক হিসেবে দেখা যাবে গীতা কাপুর, টেরেন্স লুইস এবং জাভেদ জাফরের সঙ্গে ‘ইন্ডিয়া’স বেস্ট ডান্সার সিজন ৫’-এ। শুটিংয়ের জন্য সব তারকারাই একে একে সেটে পৌঁছচ্ছেন।
সবাই ফটোগ্রাফারদের জন্য ক্যামেরায় পোজও দেন। সেই সময়ে কারিশমা সেখানে উপস্থিত ক্যামেরাম্যানদের সতর্ক করেন।
পোজ দেওয়ার জায়গা থেকে সরে গিয়ে তিনি বলেন, ‘বেশি জুম করবেন না।’
কারিশমার সেই কড়া বার্তার ভিডিওটি এখন সামাজিকমাধ্যমে ভাইরাল। অনেক নেটিজেনও তার সঙ্গে সহমত পোষণ করেছেন। কেউ লেখেন, ‘আমি একটি ভিডিও দেখেছি যেখানে সিড এবং কিয়ারা একটি অনুষ্ঠানের জন্য একসঙ্গে পোজ দিচ্ছিলেন এবং ক্যামেরাম্যানরা ভিডিও থেকে সিডকে সরিয়ে কিয়ারাকে জুম করেছিলেন। এটা সত্যিই অসম্মানজনক।’
কেউ আবার লেখেন, ‘সব অভিনেতা এবং নায়িকাদের একত্রিত হয়ে এমন একজন কর্মী রাখা উচিত যিনি তাদের ঘুরে দাঁড়ানোর সময়ে পিছন দিকটা ঢেকে দেবেন। যখন সবাই এটা করতে পারবে, তখন ক্যামেরাম্যানরাও এরকম কাজ করা বন্ধ করে দেবে।’
সম্প্রতি ‘ইন্ডিয়াজ় বেস্ট ডান্সার সিজন ৫’-এর টিজার প্রকাশ্যে এসেছে। যেখানে কারিশমা কাপুরের এপিসোডটি দেখানো হয়েছে। কারিশমা ভারতীয় চলচ্চিত্রকে কিছু অসাধারণ গান এবং নাচের স্টেপও উপহার দিয়েছেন। এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই কারিশমা ‘ইন্ডিয়া’স বেস্ট ডান্সার’-এর মঞ্চে ফিরছেন।











































