Home আঞ্চলিক গোপালগঞ্জে বাস খাদে পড়ে আহত ২০

গোপালগঞ্জে বাস খাদে পড়ে আহত ২০

0

গোপালগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দ্রুতগতির একটি বাস অপর বাসকে সাইড দিতে গিয়ে রাস্তা থেকে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আহতদের গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আজ (বুধবার) সকাল ১১টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে যাচ্ছিল। এসময় বাসটি অন্য একটি বাসকে সাইড দেওয়ার সময় সামনের টায়ার ফেটে যায়। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ’আহতদের উদ্ধার করে বিভিন্ন হাপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার বা হাসপাতালে মৃত্যু হয়নি। ‘