স্টাফ রিপোর্টার।।
খুলনায় ভুয়া জন্ম তারিখ দেখিয়ে চাকরি থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিমল বিশ্বাস নামের এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। পাশাপাশি তাঁকে ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডিত বিমল বিশ্বাস পাইকগাছা উপজেলার হিতামপুর এলাকার বাসিন্দা যতিন্দ্র নাথের ছেলে।
আদালতের সূত্র জানায়, জন্ম তারিখ ভুল দেখিয়ে বিমল বিশ্বাস ১৯৯৮ সালের ১ নভেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৭ নম্বর গদাইপুর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশের চাকরিতে যোগদান করেন।
প্রতারণার উদ্দেশ্যে তিনি চাকরিতে বেশি দিন থেকে সরকারি অর্থ আত্মসাৎ করার জন্য জন্ম তারিখ ১৯৫৮ সালের ৩ আগস্টের পরিবর্তে ১৯৬৯ সালের ২৫ জুন দেখান।
তাতে ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর জাল স্কুল সার্টিফিকেট ও তার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র সংশোধনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক), খুলনার কর্মকর্তা নির্মল অধিকারী সিনিয়র বিশেষ জজ আদালতে মামলা করেন। এরপর ২০২১ সালের ৩১ মার্চ বিমল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।









































