Home খেলাধুলা পাকিস্তানের বিপক্ষে বড় চমক রেখে টেস্ট দল ঘোষণা করল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বড় চমক রেখে টেস্ট দল ঘোষণা করল বাংলাদেশ

1

স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার পর এবার লাল বলের ক্রিকেটে পা রাখার অপেক্ষায় আছেন ২৫ বছর বয়সী তানজিদ হাসান তামিম। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান করা এই বাঁহাতি ওপেনারের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। অন্যদিকে, ২০১৯ সালে অভিষেকের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ গড়ে রান করা ২৩ বছর বয়সী অমিত হাসানও তার ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন।

প্রধান নির্বাচক কাজী হাবিবুল বাশার জানিয়েছেন, ‘তানজিদের টেকনিক এবং অমিতের ধৈর্য ও শৃঙ্খলা টেস্ট ক্রিকেটের জন্য অত্যন্ত উপযোগী। আমরা বিশ্বাস করি তারা দীর্ঘ সময় বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে।’

পেস আক্রমণে ধার বাড়াতে ফিরেছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। ২০২৪ সালের নভেম্বরের পর এই প্রথম তারা সাদা পোশাকে ফিরলেন। এছাড়া প্রায় এক বছর পর অফ-স্পিনার নাঈম হাসানও টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।

আগামী ৩ মে ঢাকায় এসে পৌঁছাবে পাকিস্তান দল। ৮-১২ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সিলেটে ১৬-২০ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের টেস্ট দল :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান।