স্পোর্টস ডেস্ক।।
গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছিল। অবস্থা ক্রমে অবনতি হতে থাকায় রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। সেখানেই শনিবার (২৫ এপ্রিল) শেষনিঃশ্বাস ত্যাগ করলেন সাবেক আম্পায়ার মোহাম্মদ আসগর।
আসগরের মৃত্যুর খবর নিশ্চিত করে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ‘আজ (শনিবার) বাংলাদেশ ক্রিকেট হারাল খেলার এক নীরব অভিভাবককে। সাবেক আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর ঢাকায় ৭৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন।’
বিসিবির শোকবার্তায় আরো বলা হয়েছে, ‘বহু বছর ধরে আসগর স্টাম্পের পেছনে দাঁড়িয়ে সততা, ন্যায়বিচার ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন এমন একজন মানুষ, যিনি আলোচনার বাইরে থেকেও সততার সঙ্গে ক্রিকেটের সেবা করে গেছেন এবং ছিলেন খেলার এক গুরুত্বপূর্ণ অংশ।’
স্বাধীনতা-পরবর্তী সময়ে মাত্র ১০ টাকা সম্মানিতে আম্পায়ারিং শুরু করেন আসগর। স্বীকৃত ক্রিকেটে তিনি সর্বশেষ আম্পায়ারিং করেছেন ২০০৭ সালে। পরবর্তীতে তিনি ম্যাচ রেফারি দায়িত্ব পালন করেন।
২০২১ সালে কক্সবাজারে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে তাকে আর মাঠে দেখা যায়নি।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭টি ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন আসগর। সব কটি ১৯৯৭ এশিয়া কাপে, টিভি আম্পায়ার হিসেবে। আজ জানাজা শেষে মোহাম্মদ আসগরকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।











































