স্টাফ রিপোর্টার।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেখানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শনিবার (২৫ এপ্রিল) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে আয়োজিত ‘জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ’ অনুষ্ঠান শেষে কুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
সাক্ষাৎকালে কুয়েট উপাচার্য ক্যাম্পাসের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের জোর দাবি জানান। উপাচার্যের এ দাবির প্রেক্ষিতে আইজিপি দ্রুত সময়ের মধ্যে ফাঁড়ি স্থাপনের বিষয়ে সম্মতি প্রকাশ করেন এবং কেএমপি কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক এবং খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. মাহবুবুর রহমান ভূঁইয়াসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
সংশ্লিষ্টদের মতে, ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে কুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নিরাপত্তা আরও জোরদার হবে এবং পার্শ্ববর্তী এলাকার অপরাধ দমনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











































