Home আলোচিত সংবাদ খুলনার ময়ূর নদে প্রাণ ফেরানোর আহ্বানে ভেলা বাইচ

খুলনার ময়ূর নদে প্রাণ ফেরানোর আহ্বানে ভেলা বাইচ

1

স্টাফ রিপোর্টার।।

দখল ও দূষণে মৃতপ্রায় খুলনার ময়ূর নদে প্রাণ ফেরানোর আহ্বান জানিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ভেলা বাইচ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে কেডিএর ময়ূর সেতু থেকে দুই কিলোমিটার ভাটিতে এই বাইচ অনুষ্ঠিত হয়।

খুলনা দিবস উদযাপনের অংশ হিসেবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এর আয়োজন করে। দুই ভাগে ১৬টি ভেলা প্রতিযোগিতায় অংশ নেয়। নদীর তীরে দাঁড়িয়ে শত শত মানুষ এই বাইচ উপভোগ করেন।

আয়োজক সূত্র জানায়, দূষিত ও মৃতপ্রায় ময়ূর নদের নাব্য ফিরিয়ে আনা, নদীতে পলিথিনসহ সব ধরনের বর্জ্য ফেলা বন্ধ করা প্রয়োজন। এ ছাড়া নদীর দুই পাড়ে সবুজায়নের মাধ্যমে একটি নির্মল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানোর অংশ হিসেবে তারা ভেলা বাইচের আয়োজন করেছেন। ২৫ এপ্রিল খুলনা দিবস। দিবসটি পালনের অংশ হিসেবে খুলনার হারানো ঐতিহ্য ফেরাতে এই সচেতনামূলক বাইচ অনুষ্ঠিত হয়।

বাইচে প্রথম পুরস্কার লাভ করেন তেরখাদার মনিরুল ইসলাম ও তাঁর দল। দ্বিতীয় স্থান অর্জন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন বন্ধনের পক্ষে অহিদুল আলম, তৃতীয় হয় তেরখাদার আল আমিন শেখ ও তাঁর দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান এতে সভাপতিত্ব করেন।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি যুগ্ম মহাসচিব মোল্লা মারুফ রশিদ বলেন, ‘এই ভেলা বাইচ প্রতিযোগিতা শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি নগরবাসীর জন্য একটি সচেতনতামূলক উদ্যোগ হিসেবে কাজ করবে। ভবিষ্যতে নদীকে কেন্দ্র করে পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’