Home আন্তর্জাতিক ইরানের শহরে শহরে সমাবেশ, প্রদর্শন হচ্ছে ক্ষেপণাস্ত্র

ইরানের শহরে শহরে সমাবেশ, প্রদর্শন হচ্ছে ক্ষেপণাস্ত্র

0

আন্তর্জাতিক ডেস্ক।।

ইরানের রাজধানী তেহরানের একটি চত্বরে স্থানীয় সময় মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে জড়ো হয়েছিলেন কয়েক’শ বাসিন্দা। সরকারপন্থী ওই সমাবেশে প্রদর্শন করা হয় গদর ক্ষেপণাস্ত্র। ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দেওয়ার পাশাপাশি এই ক্ষেপণাস্ত্র তেল আবিবে নিক্ষেপের আহ্বান জানায় সমবেত জনতা।

একই রাতে তেহরানের আরেক অংশে খোররামশাহর-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এর সঙ্গে যুক্ত একটি ছবিতে উল্লেখ ছিল, ‘লক্ষ্যবস্তু রাসগ্যাস’। এটি মূলত কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি কোম্পানি।

শুধু তেহরান নয়, দক্ষিণের শহর শিরাজ, উত্তর-পশ্চিমে তাবরিজ এবং মধ্যাঞ্চলের জানজান শহরেও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই সরকারপন্থী সমাবেশ হচ্ছে। সরকারি কর্মকর্তা এমনকি রাষ্ট্রীয় টেলিভিশনের বার্তাতেও এসব সমাবেশে অংশ নিতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

বিবিসি পার্সিয়ানের সংবাদদাতা ঘোনচে হাবিবিয়াজাদ লিখেছেন, ’এই সমাবেশগুলো সাধারণত রাতে আয়োজন করা হয়। যাতে বিরোধী পক্ষগুলো গুরুত্বপূর্ণ স্থানে জমায়েত হতে না পারে। ’