ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গত শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শৈলকুপা পৌর এলাকার খালধারপাড়াতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ৯ ব্যক্তির নাম জানা গেছে। তারা হলেন–আব্দুর রাজ্জাক, রিপন হোসেন, জামাল হোসেন, কামাল হোসেন, রুবেল, জালাল শেখ, নায়েব আলী, শফিকুর রহমান ও মো. ঝন্টু।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খালধারপাড়া গ্রামের বাসিন্দা মো. রিপন শুক্রবার সকালে একই এলাকার মো. শাহজাহানের টি স্টলে চা পান করতে যান। রিপন শাহজাহানের কাছে চা চাইলে আগের বাকি টাকা পরিশোধ না করায় তাঁকে চা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে শাহজাহানের ওপর ক্ষিপ্ত হন রিপন। এ ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে উভয়ের স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্যা বলেন, ’শুক্রবার সকালে পৌর এলাকার খালধারপাড়াতে বাকিতে চা খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েক ব্যক্তি আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’










































