পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাদিম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাদিম ওই গ্রামের মো. কালাম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাদিম নিজ বাড়ির পেছনের বাগান থেকে বাঁশ কাটতে যান। বাঁশ কাটা শেষে সেটি হেলে গিয়ে পাশের বৈদ্যুতিক তারের ওপর পড়ে। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, আইনি প্রক্রিয়া ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে তারা গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি নেয়।










































